পাঠক আর দর্শক—সবার দৃষ্টি এখন চিত্রনায়িকা বুবলীর দিকে। আজ সোমবার চ্যানেল আই অনলাইন ও প্রথম আলো প্রত্রিকায় প্রকাশিত হয়, ‘বুবলীর সঙ্গে শাকিব খান আবার অভিনয় করছেন’। এই খবর দেখে তেলে–বেগুনে ক্ষেপে যান চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি সিদ্ধান্ত নেন, আজই সব কিছু প্রকাশ করবেন।
অপু বিশ্বাস নয়, শাকিব খানের সঙ্গে এখন নিয়মিত অভিনয় করছেন বুবলী। অপুর রাগ তো হওয়াই কথা! এত সহজে কেউ নিজের পোক্ত আসন ছেড়ে দিতে চায়?
শাকিব খান আর বুবলীর শুরুটা হয় ‘বসগিরি’ ছবি দিয়ে। বিশাল হিট। প্রযোজকেরা ভরসা পেলেন। এরপর ‘শুটার’ আর ‘অহংকার’ নামে আরও দুটি ছবিতে অভিনয় করেন এই জুটি। গতকাল রোববার এই জুটিকে নিয়ে আরেকটি ছবি তৈরির সিদ্ধান্ত হয়েছে। ছবির নাম ‘রংবাজ’। এবার ঈদেই মুক্তি পাবে ছবিটি।
যাকে নিয়ে ঘটনার সূত্রপাত, এত কিছুর পর সেই বুবলী কী বলবেন? বুবলী বললেন, ‘প্লিজ, এ বিষয়ে কোনো কথা বলতে চাই না।’
আজ সোমবার বিকালে বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে হাজির হন। সেখানে তিনি বুবলীর সঙ্গে ঝগড়ার কথা স্বীকার করেন। এরপর বলেন, ‘সে দিনের সেই ঘটনার জন্য আমি বুবলীর কাছে ক্ষমা চাই। বুবলী ও শাকিব এভাবে চলুক, এটা আমি চাইনি।’
এই অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, শাকিবকে বিয়ে করে নিজের নাম পাল্টে রাখেন অপু ইসলাম খান। ২০০৮ সালে ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। শাকিবের ঢাকার বাসায় এ বিয়ে হয়। দুই পরিবারের কাছের লোকজন এই বিয়েতে উপস্থিত ছিলেন। শাকিবের ভালো ও তার কেরিয়ারের কথা বিবেচনা করে এত দিন বিষয়টি গোপন রেখেছেন অপু।
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার এই ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। শাকিব খান আর অপু বিশ্বাসের ছেলের আব্রাহাম খান জয়ের বয়স এখন ছয় মাস।








