ঢালিউড ইতিহাসে রেকর্ড গড়া সিনেমা ‘শিকারী’ এখনও চলছে প্রেক্ষাগৃহে। মুক্তি পাওয়া একমাস পেরিয়ে গেলেও ‘শিকারী’ দাপট রয়েছে আগের মতই। দেড় শতাধিক প্রেক্ষাগৃহে এ সিনেমার প্রদক্ষিণ সমাপ্ত করলেও এখনো শিকারী’র টানে ছুঁটছেন দর্শক, আর সেকারণে বিঘ্ন ঘটছে নতুন মুক্তিপ্রাপ্ত ছবির ব্যবসায়।
ঈদের মৌসুম শেষ করে গত ৫আগস্ট শাহেদ চৌধুরী পরিচালিত ‘আড়াল’ মুক্তি পায়। প্রতিষ্ঠিত নায়িকা আঁচল এবং নবাগত নায়ক শাহরিয়াজ অভিনীত এ ছবিটির প্রতি হল মালিকরা তেমন আগ্রহ দেখায়নি। কারণ সে হলগুলো ঈদের ছবিগুলো ধরে রেখেছিল।
এরপর গত ১২ আগষ্ট মুক্তি পায় জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘নিয়তি’। শুভ-জলি অভিনীত ছবিটি প্রভাবশালী পরিবেশকের ছবি হওয়ায় হল মালিকরা না করতে পারেননি। অধিকাংশ সিনেমা হলেই ‘শিকারী’ ও ‘বাদশা’ নামিয়ে ‘নিয়তি’ চলেছে চলতি সপ্তাহে।
তবে বেশিরভাগ হলে ‘শিকারী’ ও ‘বাদশা’ চলায় ‘নিয়তি’র ব্যবসায়িক যাত্রা মসৃণ হয়নি। যার আশংকা আগেই করেছিলেন ছবির পরিচালক জাকির হোসেন রাজু।
ঈদের পর বেশ কিছু ছবির মুক্তি পিছিয়ে গেছে ঈদের ছবির জন্য। ঈদের ছবিগুলো চালিয়ে এখনো শেষ করে উঠতে পারেননি হল মালিকরা। আর সেকারণেই ঈদ পরবর্তী কোনো ছবিই মুক্তি পাচ্ছে না তেমন করে।
এবারের ঈদে মোট চারটি বিগ বাজেটের ছবি মুক্তি পেয়েছে। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে কিং খান শাকিব খান এবং কলকাতার নায়িকা শ্রাবন্তী অভিনীত ‘শিকারী’। দেশের বিভিন্ন জায়গায় একটানা তিন সপ্তাহ চলেছে ‘শিকারী’।
এরপর দুই সপ্তাহ একটানা চলে কলকাতদার হিরো ও নুসরাত ফারিয়া অভিনীত ‘বাদশা’। গত শুক্রবার থেকে চলছে ‘নিয়তি’। এর আগে জাজ’র যতই ছবি মুক্তি পেয়েছে ছবিগুলো দুই সপ্তাহের জন্য হল পেয়েছে। কিন্তু ‘শিকারী’ সাফল্যে ব্যতিক্রম ঘটেছে।
গত ১২ আগষ্ট কলকাতায় মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনায় নির্মিত জয়দীপ মুখার্জি পরিচালিত ‘শিকারী’। যে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে দু’দেশের প্রশংসার জোয়ারে ভাসছেন শাকিব খান।







