লটারি ভাগ্য জিতে প্রথম সুযোগেই শাইনপুকুর ক্রিকেট ক্লাব কর্তৃপক্ষ লুফে নেয় মাশরাফীকে। ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটের সেদিনই গুঞ্জন ছিল দল বদলাতে পারেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেটাই সত্যি হল। প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে আসা দলটি ছেড়ে মাশরাফী নাম লিখিয়েছেন আবাহনীতে।
প্লেয়ার বাই চয়েজ পদ্ধতির দলবদলে এমন সুযোগ রেখেছিল লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। রোববার তারা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে মাশরাফী ও আরও দুই ক্রিকেটার দল বদলেছেন।
ড্রাফটে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিতে যাওয়া এনামুল হক বিজয়ের ঠিকানা হয়েছে মাশরাফীর দলে। আর আবাহনী ছেড়ে খেলাঘরে গেছেন হাসান মাহমুদ।
সিসিডিএমের নিয়ম হচ্ছে, লিগ শুরুর আগ পর্যন্ত খেলোয়াড় ও ক্লাবের সমঝোতায় প্রতিটি দল একজন খেলোয়াড় ছাড়তে পারে, দুজন খেলোয়াড় নিতে পারে। আবাহনী ও শাইনপুকুর দুটিই বেক্সিমকো ফার্মার মালিকানাধীন ক্লাব। অদল-বদলও হয়েছে নিয়ম মেনেই।
সোমবার বিকেএসপিতে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। এর আগে রোববার মিরপুরের একাডেমি মাঠে ১২টি দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ওমরাহ করতে যাওয়ায় ছিলেন না মাশরাফী।








