জাতীয় দলের পেসার মোহাম্মদ শহীদের হাঁটুতে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে সার্জন ডেভিড ইয়াং শহীদের হাঁটুতে অস্ত্রোপচার করেন।
বিশেষজ্ঞ এই সার্জনের অধীনে এর আগে বাংলাদেশের আরও দুই পেসার মাশরাফি বিন মর্তুজা ও শাহাদাত হোসেন রাজিব অস্ত্রোপচার করিয়েছেন।
বিপিএলের চতুর্থ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে দুর্দান্ত বোলিং করে যাচ্ছিলেন শহীদ। এক পর্যায়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারির তালিকায় ছিলেন ভালোভাবেই। কিন্তু ২৬ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান এই পেসার।
এমআরআই করানোর পর জানা যায়, তার এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট আঘাতপ্রাপ্ত হয়েছে। ঝুঁকি এড়াতে বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরীর পরামর্শে হাঁটুতে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন এই ক্রিকেটার।









