রাষ্ট্রদ্রোহ মামলায় সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবিলম্বে তাকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘দেশের বরেণ্য সাংবাদিক, বুদ্ধিজীবী ও যায় যায় দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শফিক রেহমানকে যেভাবে সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে গেছে। এতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন, চিন্তিত। এ ঘটনা থেকে এটাই প্রমাণ হয়, এ দেশে কথা বলার স্বাধীনতা নেই, লেখার স্বাধীনতা নেই।’
তার বিরুদ্ধে কোনো মামলা নেই দাবি করে মির্জা ফখরুল বলেন, মামলা ছাড়া এভাবে সাদা একজন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় প্রমাণিত হয় দেশে কোনো গণতন্ত্র নেই।’
তিনি অবিলম্বে শফিক রেহমানকে মুক্তি এবং বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতেও আহ্বান জানান।
শফিক রেহমানের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
তিনি বলেছেন, সরকাররের ব্যর্থতা ঢাকতেই তাকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে শফিক রেহমানকে মুক্তি না দিলে বিএনপির পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তিনি।
শুক্রবার দিবাগত রাতে রাষ্ট্রদ্রোহ মামলায় সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েই শফিক রেহমানকে গ্রেফতার করা হয়।







