লেখক-সাংবাদিক শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ।
একইসঙ্গে শফিক রেহমানের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশনা দিয়েছেন আদালত। আর উভয়পক্ষকে আপিল সংক্রান্ত সার সংক্ষেপ জমা দিতে এবং রাষ্ট্রপক্ষকে তদন্তের অগ্রগতি জানাতে বলা হয়েছে।
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের হওয়া মামলায় গত ৭ জুন সাংবাদিক শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করেন হাইকোর্ট।
ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে আসামীপক্ষ। চেম্বার বিচারপতির আদালত ১৪ জুলাই বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ওইদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ আদেশের জন্য ১৭ জুলাই তারিখ ঠিক করেন।
নির্ধারিত দিনে আদেশ দেন আপিল বিভাগ।আপিল বিভাগের আদেশের পর প্রতিক্রিয়া জানান শফিক রেহমানের স্ত্রী।
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ গত বছরের আগস্টে রমনা থানায় জিডি করে, যা পরে মামলায় রূপান্তরিত হয়।
১৬ এপ্রিল নিউ ইস্কাটন গার্ডেনের বাসা থেকে শফিক রেহমানকে আটক করে ডিবি। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।







