বল হাতে শফিকুল ইসলামের শেষ ওভারের ম্যাজিকে বাংলা ট্রিবিউনের বিপক্ষে ৮ রানের অসাধারণ এক জয়ে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজিসি) ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে চ্যানেল আই।
শুক্রবার সেমিফাইনালে চ্যানেল আই’র প্রতিপক্ষ ঢাকা ট্রিবিউন।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৬ ওভারের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ ওভারে বাংলা ট্রিবিউনের দরকার ছিল মাত্র ১১ রান। কিন্তু, বল করতে এসে মাত্র ২ রান দিয়ে চ্যানেল আই’র জয় নিশ্চিত করেন শফিক। এর মধ্যে চাপের মুখে রান আউট হন বাংলা ট্রিবিউনের তিনজন ব্যাটসম্যান।
শেষ ওভারে শফিক ম্যাজিকের আগে ব্যাট হাতে অপরাজিত ৩৩ রান করে চ্যানেল আইকে জয়ের ভিত্তি দেন সোহেল রানা। পরে গুরুত্বপূর্ণ এক উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচও হন সোহেল।
টস হেরে আগে ব্যাট করে চ্যানেল আই দুই উইকেটে করে ৮১ রান। সোহেলের অপরাজিত ৩৩ রানের সঙ্গে রাহুল রায় করেন ২১।
তবে, আগের ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ শফিক এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি যে কারণে আগের ম্যাচগুলোর মতো শতাধিক রানের স্কোর করতে পারেনি চ্যানেল আই।
তারপরও বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিংয়ে বাংলা ট্রিবিউনকে ৫ উইকেটে ৭৩ রানেই আটকে রাখতে পারে চ্যানেল আই।
চ্যানেল আই-বাংলা ট্রিবিউন কোয়ার্টার ফাইনালকে সবাই এবারের বিএসজিসি টুর্নামেন্টে এখন পর্যন্ত সেরা ম্যাচের স্বীকৃতি দিয়েছেন।
পুরস্কার বিতরণীতে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন চ্যনেল আই অনলাইনের সম্পাদক ও চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান।








