মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্রের ক্লাব ভিক্টোরিয়া প্লাজেনের। সেই ম্যাচে ফল যাই হোক না কেনো, তারপরই রিয়ালের কোচের পদ থেকে ছাঁটাই হতে যাচ্ছেন হুলেন লোপেতেগি। এমন সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ। অর্থাৎ, আগামী রোববার এল ক্ল্যাসিকোতে লস ব্লাঙ্কোসদের কোচিং করানো হবে না লোপেতেগির। স্প্যানিশ মিডিয়া অন্তত এমনটাই বলছে।
প্লাজেনের বিরুদ্ধে দল নামানোর আগেই ভয়াবহ চাপে লোপেতেগি। রিয়াল এই মুহূর্তে একেবারেই ছন্দে নেই। শেষ পাঁচ ম্যাচে জয় পায়নি দল। হেরেছে চারটিতেই। লা লিগায় শেষ ম্যাচে লেভান্তের কাছে ১-২ ব্যবধানে হারে রিয়াল। দলের হয়ে গোল করেছিলেন মার্সেলো। তার আগে ৪৮১ মিনিট গোল পায়নি স্প্যানিশ জায়ান্টরা। হারের পরই লোপেতেগির সঙ্গে আলোচনায় বসেছিলেন রিয়াল সভাপতি। সেদিনই কপাললিখন স্পষ্ট হয়ে গিয়েছিল, স্পেনের সাবেক কোচের।
বরখাস্ত হচ্ছেন, খবরটা কানে গেছে। তবুও প্লাজেন ম্যাচের আগে সাংবাদ সম্মেলনে নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করছেন রিয়াল কোচ। বলেছেন, ‘রিয়ালে এসে আমি যা শিখেছি, তা হল লড়াই। ক্লাবের ডিএনএ-ই হল তাই। লড়াই করতেই নামব। জানি, সাম্প্রতিক সময়ে আমাদের রেজাল্ট ভালো হয়নি। চেষ্টা করবো পরিস্থিতি পাল্টে দেয়ার।’
এল ক্ল্যাসিকোতে বার্সার বিরুদ্ধে কি কোচিংয়ের দায়িত্বে আপনি থাকবেন? লোপেতেগির উত্তর, ‘এই মুহূর্তে আমিই কোচ, এটুকুই বলতে পারি। ভবিষ্যতে কী হবে, বলতে পারব না। ফোকাস করছি বর্তমানের ওপর।’
রিয়ালের বিভিন্ন সূত্রে মার্কা-এএসসহ বিভিন্ন স্প্যানিশ মিডিয়ার খবর, লোপেতেগি বরখাস্ত হওয়ার পর অস্থায়ীভাবে কোচের দায়িত্ব পাবেন সান্টিয়াগো সোলারি। কিন্তু কোচের চাকরি কে পাবেন? রিয়াল ডিরেক্টরদের মধ্যে অধিকাংশের পছন্দ হোসে মরিনহো। সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজেরও ইচ্ছে, মরিনহোকে কোচের দায়িত্ব দেয়ার।
তবে জুভেন্টাসের সঙ্গে খেলতে নামার আগেরদিন মরিনহো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে তার ইংল্যান্ড ছেড়ে স্পেন যাওয়ার কোনো ইচ্ছেই নেই।
মরিনহো ছাড়াও রিয়ালের নতুন কোচের দৌড়ে আছেন চেলসি থেকে এই মৌসুমের আগেই বরখাস্ত হওয়া অ্যান্থনিও কন্তে, আর্সেনালের কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার, জিদান-বেকহ্যামের সতীর্থ গুতি ও বেলজিয়ামের হেড কোচ রবের্তো মার্টিনেজের।







