কক্সবাজার থেকে: সকাল থেকেই সাগর উত্তাল। বড় বড় ঢেউ আর প্রবল বাতাসের মাঝেই শুরু হয়ে গেলো ‘ব্র্যাক চিকেন জাতীয় সার্ফিং টুর্নামেন্ট’ এর দ্বিতীয় দিনের মনোমুগ্ধকর সাগর যুদ্ধ। ৫-৬ ফিট উচ্চতার একেকটি ঢেউ, বিক্ষিপ্তভাবে ধেয়ে আসে যেনো তীব্র বেগে। আর ওই ভীতিকর লোনা পানির ক্রোধকে নিয়েই যেনো ছেলেখেলা সার্ফারদের। অসাধারণ দৃষ্টিনন্দন কৌশল দিয়ে আজ সার্ফাররা বিনোদন জুগিয়েছেন দর্শণার্থী বিচারকদের।
সিনিয়র, জুনিয়র এবং নারী এই তিন পর্বে ৯০ জনের মতো প্রতিযোগী আজ অংশ নিয়েছেন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্বে। সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত চলে সাগারের ঢেউয়ের মাঝে সার্ফারদের নৈপুণ্য প্রদর্শন।
সেমিফাইনালের পর্ব পেরিয়ে জুনিয়র বিভাগ থেকে ফাইনালে উঠেছেন ছয় সার্ফার। আগামীকাল শিরোপা জেতার লড়াইয়ে নামবেন তারা। ফাইনালে উন্নীত হওয়া সার্ফাররা হলেন; সাগর, বাপ্পি, সেলিম, নুর হোসেন, ইউনুস ও মান্নান।
সিনিয়র পুরুষ বিভাগে সেমিফাইনালে উন্নীত হয়েছেন ১২জন সার্ফার। তারা হলেন; জুনায়েদ, ফাহাদ, আলমগীর, কামাল, জহির, রুহুল আমিন, শুক্কুর, চিরু, রাশেদ, নাসির, রমজান ও ফারুক।
মহিলা বিভাগে ফাইনালে উন্নীত হওয়া ৬ জন সার্ফার হলেন; রিফা আক্তার, শবে মেহরাজ, সুমি আক্তার, আয়েশা আক্তার, সোমা আক্তার ও নাসিমা আক্তার। উল্লেখ্য, ফাইনালে উন্নীত হওয়া নাসিমা বাংলাদেশের প্রথম মহিলা সার্ফার ।

তবে প্রতিযোগীদে সাথে বিচারকদের কথাও বলতে হয়। বালুময় সৈকতে প্রায় ৬ ফুট উচ্চতার বাশের মঞ্চ করে বসে আছেন বিদেশী বিচারকেরা। প্রতিযোগীদের পারফর্মেন্সের উপর ভিত্তি করে করছেন মূল্যায়ন।
টেলিভিশনে সাগরের ঢেউ ভেদ করে ছুটে আসা বিদেশী সার্ফারদের কলা কৌশল অনেকবারই প্রত্যক্ষ করলেও চোখের সামনে নিজেদের দেশে কক্সবাজার সমু্দ্রে এমন একটি আকর্ষণীয় টুর্নামেন্ট মন ভরে উপভোগ করেছেন দর্শকরা। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনের দর্শক সংখ্যা তাই ছিলো চোখে পড়ার মতো।








