চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে সেভিয়ার বিপক্ষে দাপুটে ফুটবল খেলেও ২-২ গোলে ‘ড্র’ করে পয়েন্ট হারিয়েছে লিভারপুল। অন্য ম্যাচে ফেইনউর্ডকে ৩-০ গোলে হারিয়ে প্রতিপক্ষের মাঠে জয়খরার ‘অভিশাপ’ থেকে মুক্তি পেয়েছে ম্যানচেস্টার সিটি।
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ সাতটি অ্যাওয়ে ম্যাচে জয়হীন ছিল সিটি। ২০১৬ সালের পর এই প্রথম কোনো জয়ের দিনে গোল হজম করতে হয়নি দলটির।
স্টোনেস জোড়া গোল করার পাশাপাশি গোল পেয়েছেন আর্জেন্টাইন আগুয়েরো। অন্য গোলটি জিসুসের। ‘এফ’ গ্রুপে এই জয়ের পর পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে যাত্রা শুরু করল ম্যানসিটি।

লিভারপুলকে আটকে দিতে সেভিয়া দারুণ ফিনিশিংয়ে ভর করে ‘ড্র’ আদায় করেছে। গোটা ম্যাচে গোলমুখে তাদের শট ছিল মাত্র দুটি। রক্ষণাত্মক ফুটবল খেলা দলটি সেই দুটি শট থেকেই গোল আদায় করেছে।
গোলমুখে লিভারপুলের শট ছিল সাতটি। সেখান থেকে জালের দেখা পেয়েছে দুটি।
ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় বেনের গোলে এগিয়ে যায় সেভিয়া। এরপর ফিরমিনহো ২১তম মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান। ৩৭ মিনিটের সময় সালাহর গোলে লিভারপুল এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটের মাথায় কোরেরা সেভিয়াকে সমতায় ফেরান।
লিভারপুলের ফিরমিনহো গোল পেলেও পেনাল্টি মিস করে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন। শেষ ১০ বছরে চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে লিভারপুলের কেউ পেনাল্টি নষ্ট করেননি।
অন্যদিকে বরুশিয়ার বিপক্ষে ৩-১ গোলের স্বস্তির জয় দিয়ে লিগে যাত্রা শুরু করেছে টটেনহ্যাম হটস্পার।







