মধ্যপ্রাচ্য-এশিয়া ভিত্তিক “লিডারশিপ এক্সিলেন্স ইন টেকনোলজি ইনোভেশন” পুরস্কার পেয়েছেন বাংলাদেশের কাজী মনিরুল কবির।
গত ২৪ ফেব্রুয়ারি দুবাইতে ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশন কর্তৃক আয়োজিত “মধ্যপ্রাচ্য এশিয়া সম্মলন-২০১৭” এ স্পাইডার ডিজিটাল ইনোভেশনস এর প্রতিষ্ঠাতা এবং প্রধান উদ্ভাবনী কর্মকর্তা কাজী মনিরুল কবিরকে এই পুরস্কার দেয়া হয়।
দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় ডিজিটাল পরিবর্তনে অবদানের জন্য ব্যক্তিগত ক্যাটাগরিতে মনিরুল কবির এই পুরস্কার লাভ করেন। এই ক্যাটাগরিতে বিভিন্ন দেশ থেকে ১৫০টির বেশি মনোনয়ন জমা পড়ে। তবে দেশ বিদেশে বৈচিত্রপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করা মনিরুল কবিরকে জুড়িরা চূড়ান্ত বিজয়ী ঘোষণা করেন।
সম্মেলনে আর্থিকখাতে উদ্ভাবনী ধারণার প্রবর্তণ, সাইবার নিরাপত্তা, ডিজিটাল পরিবর্তনে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে মনিরুল কবিরের অবদানকে বিশেষভাবে স্বীকৃতি দেয়া হয়।
পুরস্কার সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়ায় কাজী মনিরুল কবির বলেন, ‘মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি পেয়ে আমি সত্যিই খুব গবির্ত। এই স্বীকৃতি সমাজের ডিজিটাল বিভক্তি কমানোর জন্য আমার কাজে আরও অনুপ্রেরণা জোগাবে।’







