কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলবেন এনামুল হক বিজয়। শুরুতে কোনো দলে না থাকলেও লাহোরে অনুষ্ঠিতব্য ফাইনালের জন্য এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে চেয়েছে কোয়েটা। বিজয়কে সেখানে পাঠানোর ব্যাপারে ইতিবাচক বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিসিবির এক পরিচালক চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, বিজয়কে খেলতে যাওয়ার ব্যাপারে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেয়া হবে।
তার কিছুক্ষণ পরই বিসিবি কার্যালয়ে এনওসি নিতে আসেন বিজয়। এনওসি হাতে পেলে ভিসার জন্য আবেদন করবেন। সব ঠিকমত এগোলে শুক্রবার লাহোরের উদ্দেশে রওনা হবেন তিনি।
ফাইনালে বিজয়দের প্রতিপক্ষ কারা সেটি জানা যাবে শুক্রবার রাতে। দুবাইয়ে এদিন তৃতীয় কোয়ালিফায়ারের ম্যাচে করাচি কিংসের প্রতিপক্ষ পেশোয়ার জালমি।
বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে বলেন, ‘এনামুল হক বিজয়কে পিএসএলের ফাইনাল খেলতে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা বোর্ড থেকে আলোচনা করে সিদ্ধান্ত নেব। প্লেয়ারদের নিরাপত্তা আমাদের প্রধান শর্ত। সব বিষয় চিন্তা করেই আমরা সিদ্ধান্ত নেব।’
দুবাইয়ে শুরু হওয়া পিএসএলের এবারের আসরে অংশ নেন বাংলাদেশের তিন ক্রিকেটার। কোয়েটার হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, পেশোয়ার জালমির হয়ে তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তবে প্লে-অফ রাউন্ড শুরুর আগেই সাকিব এবং মাহমুদউল্লাহ দেশে ফিরে আসেন। দু’জনই ২৭ ফেব্রুয়ারি মুশফিকদের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যান। আর দুবাই থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেন তামিম ইকবাল।
পাকিস্তানে ক্রিকেট ফেরানোর লক্ষ্যে পিএসএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেয়, পিএসএলের ফাইনাল তারা আয়োজন করবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। লাহোর আসা-যাওয়া থেকে শুরু করে ক্রিকেটারদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কথাও বলা হচ্ছে পিসিবির পক্ষ থেকে। তবে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে আগেই পিএসএলের ফাইনাল থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, ক্রিস গেইল, কাইরণ পোলার্ড, টাইমাল মিলস, কেভিন পিটারসেন, লুক রাইট, নাথান ম্যাককালাম, শেন ওয়াটসন, ব্র্যাড হ্যাডিনের মতো তারকা বিদেশি ক্রিকেটাররা।
তারপরও পিসিবি বিদেশি ক্রিকেটারদের লাহোরে নিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। যে কোনো মূল্যেই লাহোরে পিএসএলের ফাইনাল আয়োজন করতে দৃঢ় প্রতিজ্ঞ তারা।








