মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার (মাওয়া) শিমুলিয়া ঘাট থেকে আশরাফুল আলম মিঠু (৫৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ রোববার (০১ এপ্রিল) সকালে লঞ্চঘাটের কাছে লাশটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আবু তাহের মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মাওয়া নৌ-পুলিশ জানায়, আশরাফুল গত ২৯ এপ্রিল ঢাকা থেকে গ্রামের বাড়ি খুলনার সোনাডাঙ্গায় যাবার উদ্দেশে রওনা দিয়ে নিখোঁজ হয়। শনিবার তার ছেলে লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি করে।
ডায়েরির সূত্রে ধরে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গরমের কারণে স্ট্রোক করে পানিতে পড়ে তিনি মারা যেতে পারেন।
এ বিষয়ে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আবু তাহের মিয়া জানান, শেখ আশরাফুল আলম নামক এক ব্যক্তির লাশ আমরা পদ্মা নদী থেকে উদ্ধার করেছি। তিনি এর আগে নিখোঁজ হয়েছিলেন। এ বিষয়ে তার সন্তান একটি নিখোঁজের জিডি করেছিলেন। পরিবারের কোন অভিযোগ না থাকা মরদেহটি ময়নাতদন্তে প্রেরণ করা হয়নি। পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।








