মার্কিন সামরিক বাহিনীর সিল সিক্স টিমের প্রতিষ্ঠাতা রিচার্ড মার্সিঙ্কো ৮১ বছর বয়সে মারা গেছেন। ওসামা বিন লাদেনের বিরুদ্ধে পরিচালিত শেষ অভিযানটি পরিচালনা করেছিল তার প্রতিষ্ঠা করা সিল সিক্স টিম।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আমেরিকার অভিজাত বিশেষ বাহিনী ইউনিট গুলির মধ্যে একটি সিল টিম সিক্স। টিমটির প্রতিষ্ঠাতা মার্সিঙ্কো ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞ অফিসার ছিলেন। স্নায়ুযুদ্ধের শেষ পর্যায়ে আমেরিকার সন্ত্রাসবিরোধী সক্ষমতা বৃদ্ধিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মার্কিন নৌবাহিনীতে কর্মজীবনে ৩০টিরও বেশি পদক এবং প্রশংসাপত্রে ভূষিত হন মার্সিঙ্কো। তার দক্ষতায় সিল টিম সিক্স ব্যাপক সাফল্য অর্জন করলেও তার সঙ্গে প্রায়ই ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বন্দ্ব হতো। এ জন্য অনেকে তাকে ‘খারাপ ছেলে’ বলেও অভিহিত করতেন।
যুদ্ধক্ষেত্রের বাইরে আইনি লড়াইয়ের ও মুখোমুখি হয়েছিলেন মার্সিঙ্কো। মার্কিন সরকারের সঙ্গে প্রতারণার দায়ে কিছু সময়ের জন্য জেলে যান তিনি।
তার মৃত্যুতে জাতীয় নেভি সিল জাদুঘরের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।







