যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে একটি সুপারশপে অন্যদের জিম্মি ও নিজেকে অবরুদ্ধ করে রাখা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবারের এ ঘটনায় গুলিতে এক নারী নিহত হয়েছে বলে লস অ্যাঞ্জেলস পুলিশ জানিয়েছে।
পুলিশের বরাতে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ২৮ বছর বয়সী ওই জিম্মিকারী তার দাদী ও এক নারীকে গুলি করে পালানোর সময় পুলিশ তার গাড়ি অনুসরণ করে। গাড়িটি ট্রেডার জোয়ে’স সুপারশপের কাছে এলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও গুলি ছুড়লে ধাক্কা লেগে তার গাড়ি থেমে যায়। পরে দ্রুত গাড়ি থেকে নেমে সুপারশপের ভেতর ঢুকে যায়।
এসময় সুপারশপে সে অন্যদের সঙ্গে নিজেকে অবরুদ্ধ করে রাখে। সেখান থেকে অনেককে দৌঁড়ে বাইরে বের হতে দেখা যায়।
তিনঘণ্টা চেষ্টার পর তার সঙ্গে ফোনে সমঝোতার মাধ্যমে ঘটনার অবসান হয়। সে নিজেই হাতকড়া চেয়ে নেয়। পরে পুলিশি পাহাড়ায় তাকে বাইরে বের করে আনা হয়। তার হাতে গুলি লাগার কথা জানালেও পুলিশ তার পরিচয় প্রকাশ করেনি। 







