ভারতের বিপক্ষে ২-০ তে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত বাংলাদেশের। নিউজিল্যান্ড-পাকিস্তানের পর তাহলে নামটা কি ভারত? এ প্রশ্নটিই এখন ঘুরে ফিরে ক্রিকেট পাড়ায়। তবে ফল যাই হোক না কেনে তৃতীয় ওয়াডেতে জয়ের জন্যই মাঠে নামবে দুই দল।
সিরিজে এখনও এক ম্যাচ বাকি থাকলেও টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও দিয়ে রেখেছেন ছাড় না দেওয়ার ঘোষণা। ধোনি-কোহলিদের বিপক্ষে জয় অর্থাৎ বাংলা ওয়াশের লক্ষ্যেই মাঠে নামবে টিম টাইগার্স। তবে এই সঙ্গে মুস্তাফিজের প্রশংসা করতেও ভুল করেনি টাইগার এ দলপতি।
এবারের সিরিজে বড় চমক হয়ে এসেছেন মুস্তাফিজুর রহমান। রেকর্ড ভাঙ্গা-চোরার সিরিজে আলোটা তাই তার দিকেই। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর জানালেন, এবারের সিরিজের বিষ্ময় বালক মুস্তাফিজ। তার কাটার ও স্লোয়ারেই ধরাশায়ী হয়েছে প্রতিপক্ষ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রসংশা করতেও ভুল করেননি তিনি।
তবে কথায় চরম পেশাদারিতার পরিচয় দিয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রতিপক্ষের প্রসংশা করলেও তৃতীয় ম্যাচে জয়ের জন্যই ভারত মাঠে নামবে বলেও জানিয়ে রেখেছেন। তিনি বলেন, বাংলাদেশ ভালো বল করেছে। যখনই আমরা ম্যাচে ফেরার চেষ্টা করেছি তখনই তাদের বোলাররা কোনো না কোনো উইকেট নিয়েছে।
সিরিজের শেষ ম্যাচ সম্পর্কে তিনি বলেন, প্রথম দুই ম্যাচে কি হয়েছে তা নিয়ে পড়ে থাকলে চলবে না। আমরা পরবর্তী ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবো।






