আগামী নির্বাচন অনিশ্চিত মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন: আগামী সুষ্ঠু নির্বাচন তো দূরের কথা, ৫ জানুয়ারির মতো নির্বাচন করার ক্ষমতাও শেখ হাসিনার সরকারের নাই। তবে সরকার পরিবর্তন হবে। একেক সময় একেকভাবে সরকার পরিবর্তন হয়। এই পরিবর্তনে জনগণের কোন ভূমিকা থাকবে কি না তা বলতে পারছি না।
এছাড়া আন্তর্জাতিক বিশ্বের সাথে ‘বেশি চালাকি’ করতে গিয়ে শেখ হাসিনা কূটনীতিতে ধরা খেয়েছেন দাবি করে গয়েশ্বর বলেন, তিনি যে ধরা খেয়েছেন তাতে তার কিছু যায় আসে না। কিন্তু বাংলাদেশে তার জন্য বিপর্যয় নেমে এসেছে। রোহিঙ্গাদের জন্য এখন আমাদের আবেগ কাজ করছে। কিছুদিন পর যখন বাস্তবতা চলে আসবে তখন আবেগ আর থাকবে না। রোহিঙ্গারা আমাদের জন্য একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে।
রোববার দুপুরে রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির সুইডেন শাখার আয়োজনে ‘নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন গয়েশ্বর চন্দ্র রায়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর বলেন: আজকে দেশে যে অবস্থা দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে নির্বাচন অনিশ্চিত। তবে সরকার পরিবর্তন হবে। এতে বিএনপি ক্ষমতায় যাবে কি না তা জানি না, তবে আওয়ামী লীগ আর থাকছে না।
তিনি বলেন: বিএনপি এমন একটি দল, যাদের নির্বাচনের কোন প্রস্তুতি দরকার হয় না। বিএনপি মাঠের দল, রাস্তার রাজা। মাঠে কীভাবে রাজত্ব করতে হয় তা বিএনপি জানে। আন্দোলনের শিরোপা যার মাথায় উঠবে সেই জয়ী হবে।
একই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমার সরকারের মন্ত্রী ট্রিন্ট সোয়ের সঙ্গে বাংলাদেশের আলোচনা কতটা ফলপ্রসূ হয় তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।








