রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষেই রয়েছে রাশিয়া-চীন

বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা ইস্যুতে রাশিয়া-চীন সমর্থন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রোহিঙ্গা ইস্যুতে রাশিয়া চীন বাংলাদেশের সঙ্গেই রয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মলেনে তিনি এ দাবি করেন।
তিনি বলেন: প্রয়োজনে রোহিঙ্গা ইস্যুতে আরও বিশদভাবে আলোচনা করতে রাশিয়া ও চীনে আমাদের বিশেষ দূত যাবে। এ বিষয়ে রাশিয়ার পররাষ্টমন্ত্রীর সঙ্গে নিউইয়র্কে তার কথা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন কূটনৈতিক ও জনসংযোগ কার্যক্রমের কথা তুলে ধরে লিখিত বক্তব্যে মন্ত্রী বলেন: আমাদের এ সকল কার্যক্রমের ফলেই আজ আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা ইস্যুটি এমন গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। নিরাপত্তা পরিষদে আরিয়া ফরমুলা সভার আয়োজন এবং সভায় প্রদত্ত সকল সদস্যের বক্তব্য থেকে এটি পরিষ্কার যে, রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহল গভীরভাবে নিয়োজিত আছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের পক্ষ থেকে গৃহীত ধারাবাহিক প্রচেষ্টা বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর জাতিসংঘে প্রদত্ত বক্তব্যের ফলে এ সমস্যার মূলে যে মিয়ানমারে নিহিত, এবং মিয়ানমারকেই এ সমস্যার সমাধান করতে হবে তা আন্তর্জাতিক সম্প্রদায় অনুধাবন করতে সমর্থ হয়েছে।
এ ধরণের উদ্যোগের ফলে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের পক্ষে যে জনমত সৃষ্টি হয়েছে তা সামনে আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় ও অন্যান্য মানবিক সহায়তা দেবার সিদ্ধান্ত নিলেও তাদের নিরাপদে স্বদেশে ফেরত পাঠানোই সরকারের মূল লক্ষ্য বলে লিখিত বক্তব্যে জানান পররাষ্ট্র মন্ত্রী।






