রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মিয়ানমারের বিচার করার পক্ষে মতামত দিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৃহস্পতিবার নেদ্যারল্যান্ডসের হেগে তিন বিচারক বিশিষ্ট প্রিট্রায়াল কোর্ট রোহিঙ্গাদের অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর বিষয়ে বিচারিক প্রক্রিয়া শুরুর যে আবেদন, তার পক্ষে মত দিয়েছেন।
বাংলাদেশ আইসিসির সদস্য হলেও মিয়ানামার সদস্য নয়৷ ফলে এক্ষেত্রে আইসিসির বিচারিক এখতিয়ার নিয়ে প্রশ্ন ছিলো৷
মিয়ানমারের রাখাইন রাজ্যের গ্রামে গ্রামে নির্বিচারে হত্যা, জ্বালাও-পোড়াওয়ের মধ্যে গতবছর ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে৷
জাতিসংঘ একে বর্ণনা করে আসছে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে৷ আন্তর্জাতিক আইনে দেশান্তরে বাধ্য করার বিষয়টি মানবতার বিরুদ্ধে অপরাধের মধ্যে পড়ে৷







