বাংলাদেশ

রোহিঙ্গাদের জন্য ভারতের ৫৩মেট্রিক টন ত্রাণ হস্তান্তর

রোহিঙ্গাদের জন্য ভারতের ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান অতিথি রোহিঙ্গাদের জন্য ভারতের ৫৩ মেট্রিক টন ত্রাণ হস্তান্তর করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

 চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদ: মিয়ানমার থেকে বাংলাদেশে আসা নির্যাতিত রোহিঙ্গাদের জন্য ভারতের দেয়া ৫৩ মেট্রিক টন ত্রাণ সামগ্রী বাংলাদেশের কাছে হস্তান্তর করেছেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব ত্রাণ গ্রহণ করেন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে বর্বরোচিত গণহত্যা, ধর্ষণ, অমানবিক নির্যাতন ও ঘরবাড়ী জ্বালিয়ে দেয়ার ঘটনায় গত ২৪ আগস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশ পালিয়ে এসেছে ৪ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী। এসব শরণার্থীদের জন্য এবার ত্রাণ নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত।

প্রথম দফায় ৭ হাজার মেট্রিক টন ত্রাণ সামগ্রীর মধ্যে বৃহস্পতিবার ভারতীয় বিমান বাহিনীর একটি কার্গো বিমান ৫৩ মেট্রিক টন ত্রাণ সামগ্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবাদুল কাদেরের কাছে বিমানবন্দরেই এসব ত্রাণ তুলে দেন।

পরে হর্ষবর্ধন শ্রীংলা সাংবাদিকদের বলেন, ‘আমরা দেখেছি গত কয়েক সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতিত শরণার্থীরা বাংলাদেশে ছুটে আসছে। ভারত বিষয়টিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে।’ রোহিঙ্গাদের গ্রহণ এবং আশ্রয়ের ব্যবস্থা করায় তিনি বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানান।রোহিঙ্গাদের জন্য ভারতের ৫৩ মেট্রিক টন ত্রাণ হস্তান্তর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

এছাড়া রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।

এর আগে মরোক্কো থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৪ টন ত্রাণসামগ্রী নিয়ে একটি বিমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে। এছাড়াও ইরান, ইন্দোনেশিয়াসহ বেশকয়েকটি দেশ থেকে আরো ত্রাণ নিয়ে কার্গো বিমান চট্টগ্রাম বিমান বন্দরে আসার কথা রয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…