কাঙ্ক্ষিত সূচনাই পেয়েছে জুভেন্টাস। সিরি আ’র নতুন মৌসুমে তিন ম্যাচেই জয় পেয়েছে ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রির দল। কিন্তু স্বস্তিতে নেই জুভদের ‘হান্ড্রেড মিলিয়ন ইউরোম্যান’ ক্রিস্টিয়ানো রোনালদো। কারণ এ তিন ম্যাচে গোলশূন্য পর্তুগিজ মহাতারকা। গোলমুখে শটের পর শট নিয়ে গড়ে ফেলেছেন এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডও।
শনিবার পার্মার বিপক্ষে রোনালদোর গোল ছাড়াই ২-১ ব্যবধানে জয় পেয়েছে জুভেন্টাস। এই ম্যাচেও গোলের জন্য মাথা ঠুকে মরেছেন সিআর সেভেন। চেষ্টা যে একেবারেই করেননি এমনও নয়। কিন্তু গোলের সৌভাগ্য যেন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
তিন ম্যাচে প্রতিপক্ষের গোলমুখে ২৩টি শট নিয়েছেন রোনালদো। কিন্তু ফলাফল যথারীতি শূন্য। ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগে চলতি মৌসুমে এত শট নিয়ে গোল না পাওয়া একমাত্র ফুটবলার এখন পাঁচবারের বর্ষসেরা মহাতারকা।
রোনালদোর পরের অবস্থান ভ্যালেন্টিন রনগিয়েরের। নতেঁ মিডফিল্ডার মোট ১৫ শটে এখন পর্যন্ত গোল পাননি। তিনে আছেন ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড ক্রিস্টিয়ান বেনটেক। তার ১৩ শট প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিতে পারেনি। আর তুলজ এবং লিওঁ ফরোয়ার্ড অ্যান্ডি ডেলর্ট ও নাবিল ফেকির ১২ এবং ১১টি ব্যর্থ শট নিয়ে আছেন তালিকার চার-পাঁচে।
এভাবে ব্যর্থ হবার পরও অবশ্য রোনালদোর উপর থেকে বিশ্বাস হারাচ্ছে না জুভেন্টাস। দলের কোচ ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রির বিশ্বাস সাসৌলোর বিপক্ষে সিরি আর পরের ম্যাচেই গোল খরা কাটাবেন রিয়াল মাদ্রিদের হয়ে গোলের পর গোল করা রোনালদো।









