টানা সাতবার সিরি আ ট্রফি শোকেসে ঢুকেছে। এবার এক চোখ অষ্টম শিরোপার দিকে রেখে আরেক চোখ চ্যাম্পিয়ন্স লিগের দিকে তাক করেছে জুভেন্টাস। আর সেই লক্ষ্যেই যে রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে উড়িয়ে আনা সেতো কারোই অজানা নয়। জুভদের ব্রাজিলিয়ান উইঙ্গার ডগলাস কস্তার বিশ্বাস এবার সেই লক্ষ্যও পূরণ হবে তার দলের।
সেই ১৯৯৬তে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ ঘরে এসেছিল জুভেন্টাসের। এরপর কেটে গেছে ২২টি বছর। মাঝে বেশ কয়েকবার টুর্নামেন্টটির ফাইনালে উঠলেও খালি হাতেই ফিরতে হয়েছে ‘তুরিনের বুড়িদের’। শেষ চার মৌসুমের দুবার ফাইনালিস্ট দলটির নামও জুভেন্টাস।
এবার সেই খরা কাটবে বলে বিশ্বাস ডগলাস কস্তার। আর সেই পথে জুভদের তুরুপের তাস হবেন অবশ্যই রিয়াল থেকে ১০৫ মিলিয়ন ইউরো খরচ করে আনা রোনালদো। ইতালিয়ান ফুটবল টিভিকে সাক্ষাতকারে এমনটাই বলেছেন ব্রাজিলিয়ান তারকা।
‘রোনালদো ইতিমধ্যেই অন্য মাত্রায় উঠে গেছেন। তবে তিনি এখনো সেই মাত্রাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান। আমার মনে হয়, আমাদের পরের ধাপে নিয়ে যেতে এবং মৌসুমে দারুণ কিছু উপহার দিতে তার কাছে সবই আছে।’
‘রোনালদো খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু তিনি ছাড়াও আমাদের দিবালাসহ আরো কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছেন। আমি নেইমারের সঙ্গে আগে খেলেছি। সুতরাং রোনালদোর মত খেলোয়াড়ের সঙ্গে খেলা আমার জন্য নতুন কিছু নয়।’








