লাল কার্ড দেখার পর রেফারিকে ধাক্কা দেয়ার জেরে পাওয়া পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকছে রোনালদোর। স্প্যানিশ ফুটবল অ্যাসেসিয়েশন রিয়াল মাদ্রিদের করা শাস্তি কমানোর আপিল বুধবার খারিজ দিয়েছে। এতে রাতে উয়েফা সুপার কাপের দ্বিতীয় লেগে বার্সার বিপক্ষে তো নামতে পারবেনই না, সঙ্গে লা লিগার শুরুর চার ম্যাচেও খেলা হচ্ছে না সিআর সেভেনের।
সুপার কাপের প্রথম লেগে দুটি হলুদ কার্ডের জন্য এক ম্যাচ এবং রেফারিকে ধাক্কা দেয়ার জন্য চার ম্যাচের নিষেধাজ্ঞা জুটেছে রোনালদোর। পরে আপিলও খারিজ হল।
আপিলে যদি শাস্তি না কমায় আগামী কয়েক সপ্তাহে রিয়ালের হয়ে শুধু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচই খেলতে পারবেন রোনালদো। লা লিগায় লা করুনা, লেভান্তে, ভ্যালেন্সিয়া ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিদানের এখন রোনালদোবিহীন পরীক্ষা।
এর আগে স্প্যানিশ ফুটবল ফেডারেশন রোনালদোকে নিষেধাজ্ঞার পাশাপাশি ৩৮০৫ ইউরো জরিমানা করে। সঙ্গে রিয়ালকেও ১১৫০ ইউরো জরিমানা করা হয়।
ঘটনার শুরু ক্লাসিকোর ঝাঁজ আর উত্তেজনায় ঠাঁসা স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের। নায়ক, খলনায়ক, আলোচনার পুরোটাজুড়েই ছিলেন রোনালদো। রোববার রাতে ন্যু ক্যাম্পে রোমাঞ্চের শেষে বার্সেলোনার বিপক্ষে ৩-১ গোলে জেতে তার দল। যাতে দারুণ একটি গোল করার পর দুই হলুদ কার্ডের জেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রিস্টিয়ানো। তখনই জানা গিয়েছিল বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে তাকে পাবে না রিয়াল। সেই না পাওয়াটা দীর্ঘ হয় আরও চারটি ম্যাচ পর্যন্ত।
ম্যাচের সময়ই বোঝা গিয়েছিল রোনালদোর লাল কার্ডটি নিয়ে বিস্তর বিতর্ক হতে পারে। ৮০ মিনিটে পাল্টা আক্রমণে দুর্দান্ত এক গোল করার পর আনন্দের বাড়াবাড়ি প্রকাশে জার্সি খুলে ফেলেন সিআর সেভেন। জোটে হলুদ কার্ড। মেসিকে অনুকরণ করেই মিলেছে এই কার্ড। গত মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে বার্নাব্যুতে গোলের পর মেসি জার্সি খুলে দেখিয়েছিলেন স্বাগতিক দর্শকদের। রোনালদো সেটাই ফিরিয়ে দিতে চাইলেন। মিলল হলুদ কার্ড।
তার দুই মিনিট পরই স্যামুয়েল উমতিতির সঙ্গে ধাক্কা কাণ্ডে রোনালদো পড়ে যান বার্সার পেনাল্টি বক্সে। পেনাল্টি আবেদন করে উল্টো ডাইভ-নাটকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে সোজা মাঠের বাইরে। পরে দেখা গেছে উমতিতির সঙ্গে লাগা ধাক্কাটির পর রোনালদোর অভিনয় কার্ড-অপরাধের মত অতটা ইচ্ছেকৃত ছিল না। কিন্তু ততক্ষণে যা ক্ষতির হয়ে গেছে। ওই সময়ই লাল কার্ডের পর রেফারিকে হাত দিয়ে ধাক্কা দিয়ে আরও বড় শাস্তির পথ খুলে মাঠ ছাড়েন ক্রিস্টিয়ানো।
মাঠের লড়াই শেষে রেফারি ম্যাচ রিপোর্টের সঙ্গে রোনালদোর নামেও অভিযোগ সংযুক্ত করেন। রেফারি ডি বোর্গেস বেনগোয়েৎজা ম্যাচ রিপোর্টে অভিযোগ করেন, ক্রিস্টিয়ানো রোনালদো লাল কার্ড দেখার পর তাকে অসম্মানের সঙ্গে ধাক্কা দেন। সেটিই বড় শাস্তি নিশ্চিত করে।








