আজ বাংলা ১৪২৩ সনের শেষ দিন। দিনটিতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সন্ধ্যা ছয়টায় থাকছে সুরের ধারার ‘বর্ষশেষের আয়োজন’। কাল পহেলা বৈশাখ সকাল সাড়ে পাঁচটায় একই স্থানে হবে ‘সানসিল্ক নিবেদিত হাজারও কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠান। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে সুরের ধারা ও চ্যানেল আই। দুটি আয়োজনই সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। কথা হলো সুরের ধারার অধ্যক্ষ ও চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে। দুটি আয়োজনেরই পরিকল্পনা ও পরিচালনা করছেন তিনি।
চৈত্রসংক্রান্তি নয়, বর্ষশেষের আয়োজন
চৈত্রসংক্রান্তি আমাদের লোকসংস্কৃতির একটি পর্ব। এর সঙ্গে গীত-বাদ্য-নৃত্যের সম্পর্ক নেই। আছে অনেক আচার-অনুষ্ঠান। তাই আমরা বলছি ‘বর্ষশেষের আয়োজন’। আমাদের এবারের ভাবনা ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’। বিভিন্ন সময় বাংলাদেশে এসে রবীন্দ্রনাথ ঠাকুর যা কিছু সৃষ্টি করেছেন, সেগুলো থাকছে পুরো আয়োজনে।
‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’
রবীন্দ্রনাথ ঠাকুর সবার কাছে গ্রহণযোগ্য। রবীন্দ্রনাথের দর্শন আর রবীন্দ্রনাথের মনন আমরা ছড়িয়ে দিতে চাই সবার মাঝে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে খুব বেশি সময় থাকেননি ঠিকই; কিন্তু যতটা সময় ছিলেন, তা খুব উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে থাকছেন
সুরের ধারার শিল্পী আর শিক্ষার্থীরা তো থাকছেনই, সঙ্গে থাকবেন আমন্ত্রিত শিল্পীরা। থাকবে গান, নাচ, আবৃত্তি, স্মৃতিকথা। ছয় ঘণ্টার এই অনুষ্ঠানের শেষটা হবে উৎসবের মধ্য দিয়ে।
হাজারও কণ্ঠে বর্ষবরণ
এই আয়োজনে আমরা এবার রেখেছি পঞ্চকবির গান। থাকছে নতুন বছরকে আবাহনের গান, দেশের গান, সকালের গান, আত্মপ্রত্যয়ের গান, আশাজাগানিয়া গান। সারা দেশ থেকে সহস্রাধিক শিল্পী অংশ নিচ্ছেন এই অনুষ্ঠানে। থাকবেন দেশের বরেণ্য শিল্পীরাও। সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত থাকবেন চ্যানেল আইয়ের শিল্পীরা।
হাজার কণ্ঠে বর্ষবরণের পরিকল্পনা
এটা ছয় বছর ধরে চলছে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরে সার্ধশততম জন্মবর্ষ উদযাপনের সময় এই আয়োজনের পরিকল্পনা করেছি। তখন মনে হলো, হাজার কণ্ঠে বর্ষবরণ করা সম্ভব। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব জায়গার ছেলেমেয়েদের নিয়ে আমরা প্রতি বছর এই আয়োজন করছি। আর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তেই এ ধরনের উৎসব আরও বেশি করে আয়োজন করা দরকার। মানুষকে সচেতন করা, এই উৎসবের সঙ্গে সম্পৃক্ত করা দরকার। তাই এবার আরও বড় করে এ উৎসব করছি আমরা।
বৈশাখী মেলা
বাংলা বর্ষবরণ উৎসবকে ঘিরে অনুষ্ঠান প্রাঙ্গণে বৈশাখী মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় থাকবে বাঙালির হাজার বছরের ঐতিহ্যের উপাদান দিয়ে সাজানো বিভিন্ন স্টল। মেলা চলবে দুপুর ১২টা পর্যন্ত।
যাঁদের জন্য আয়োজন
দুই দিনের আয়োজন সবার জন্য উন্মুক্ত। সবাই আসুন, আমাদের দুই দিনের পুরো আয়োজন সবাই উপভোগ করুন। দুটি আয়োজনেই এবার আমরা নিরাপত্তার দিয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছি।
‘সারা বছরের গান’
রবীন্দ্রসংগীত থেকে ১২টি গান গেয়েছি। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন দেবজ্যোতি মিশ্র। অ্যালবামটি উন্মোচিত হবে কাল পহেলা বৈশাখ, ‘হাজার কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠানের মঞ্চে। সূর্যোদয়ের সাথে সাথে অনুষ্ঠানটি শুরু হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে। এই প্রথম কোনো অ্যালবাম পূর্ণাঙ্গ বাংলা টেবিল ক্যালেন্ডারের আদলে করা হয়েছে। আর এই ক্যালেন্ডারে আছে রবীন্দ্রনাথের আঁকা ১২টি চিত্রকর্ম। যা শ্রোতারা সংরক্ষণে রাখতে পারবেন। প্রকাশ করছে ইমপ্রেস অডিও ভিশন লিমিটেড।







