প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন তামিম ইকবাল। রেকর্ড থেকে মাত্র ৩৮ রান দূরে থেকে খেলা শুরু করে তিনি পৌঁছে যান লক্ষ্যে। একইদিন একই রেকর্ড করার সুযোগ ছিল বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এর সামনেও।
মঙ্গলবার সাভারের বিকেএসপিতে গাজী গ্রুপের বিপক্ষে খেলতে নেমেছিলেন আবাহনীর তামিম ইকবাল। টসে হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পান তামিম। নিজের নামের পাশে ৫ হাজার ৯৬২ রান নিয়ে ইনিংস শুরু করেন দেশসেরা ওপেনার। মাইলফলক অতিক্রম করতে ৩৮ রান প্রয়োজন ছিল তামিমের।
দারুণ ছন্দে থাকা তামিম এ রান ইনিংসের ১৮তম ওভারেই তুলে নেন। পাকিস্তানের সাঈদ আনোয়ার জুনিয়রের বলে বাউন্ডারি হাঁকিয়ে রেকর্ড বুকে নিজের নাম লিখান বাঁহাতি ওপেনার। 
গাজী গ্রুপের বিপক্ষে ৫৫ রান করে মেহেদী হাসানের বলে বোল্ড হয়েছেন তামিম। ফলে সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন ৬০১৭ রান তামিমের।
তামিম থেকে ৯৭ রান পিছিয়ে মঙ্গলবার ব্যাটিংয়ে নেমেছিলেন মুশফিকুর রহিম। ৫ হাজার ৯০৩ রানের মালিক মুশফিকেরও সুযোগ ছিল আজই ৬ হাজার রানের মাইলফলক ছোঁয়ার।
কিন্তু মোহামেডানের অধিনায়ক মুশফিক রানের খাতা খোলার আগেই রুবেলের বলে সাজঘরে ফেরেন। ১১ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি বাংলাদেশের টেস্ট দলপতি।
লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান হলেন তামিম ইকবাল ৬০১৭ রান, মুশফিকুর রহিম ৫৯০৩ রান, সাকিব আল হাসান ৫২৭৬ রান, মাহমুদউল্লাহ রিয়াদ ৫০৮০ রান এবং মোহাম্মদ আশরাফুল ৪৬৭১ রান।







