ঢাকা প্রিমিয়ার লিগে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি খেললেন। দলকে তিনশর বেশি সংগ্রহ এনে দিলেন। কিন্তু দিনশেষে পরাজিত দলে রকিবুল হাসান। লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে আবাহনীর ছোঁড়া ৩৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রকিবুলের ১৯০ রানও জেতাতে পারেনি মোহামেডানকে। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে মতিঝিলের দলটির হার ২৭ রানের।
আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সেই লড়াইয়ে পারদ চড়িয়ে দিয়েছিল লিটন-শান্তর সেঞ্চুরি। পরে আলোটা কেড়ে নিলেন রকিবুল। ১৩৮ বলে ইনিংসটি খেলেছেন এই ডানহাতির। লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ ইনিংস এটি। ১৭ চারের পাশে ১০টি ছয়ে এই তাণ্ডব চালিয়েছেন রকিবুল।
সোমবার বিকেএসপির-৪ নম্বর মাঠে লিটন লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি তুলে ফিরেছেন ১৩৫ রানে। ১০৩ বলে ১৫ চার ও ২ ছয়ে ঝকঝকে ইনিংসটি সাজিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তার দেখানো পথে হেঁটেছেন নাজমুল হাসান শান্ত। ৩ চার ও ৬ ছয়ে ১০০ বলে ১১০ রানের নজরকাড়া ইনিংসটি এসেছে তরুণ বাঁহাতির ব্যাটে।
কঠিন লক্ষ্যে ম্যাচ সেরা রকিবুলকে এক চারিথ আসালাঙ্কা ছাড়া আর কেউই সঙ্গ দিতে পারেননি। আসালাঙ্কার ব্যাটে এসেছে মোহামেডানের দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রান।
স্বস্তির এই জয়ে ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকল আবাহনী। আর সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে মোহামেডান।









