সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রুশ বিমান হামলায় কমপক্ষে ৩০ জঙ্গি নিহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে গুলি করে রাশিয়ার একটি যুদ্ধবিমানকে ভূপাতিত করার জবাবে এ অভিযান চালানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার ইদলিব প্রদেশে আল-কায়েদার প্রাক্তন সহযোগী জঙ্গি সংগঠন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নিয়ন্ত্রিত এলাকায় বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পোর্টেবল সারফেস-টু-এয়ার মিসাইলের মাধ্যমে নিচু দিয়ে উড়ে যাওয়া সুখোই-২৫ যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়। এইচটিএস দলটিও এ কথাই জানায়।
রাশিয়ার দাবি, প্যারাসুট দিয়ে নিচে নেমে আসার পর সিরীয় বিদ্রোহীদের সঙ্গে গুলি বিনিময় হয় পাইলটের। তারই এক পর্যায়ে নিহত হন তিনি। বিদ্রোহীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া বিমান ও নিহত পাইলটের ভিডিও-ও প্রকাশ করে।
এর জবাবে বেশ কয়েকটি রুশ যুদ্ধবিমান জঙ্গি গোষ্ঠীটির নিয়ন্ত্রিত এলাকায় এ অভিযান চালালে ৩০ জনের বেশি জঙ্গি নিহত হয় বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।







