রাজধানীর পশ্চিম নাখালপাড়ার জঙ্গি আস্তানা ‘রুবি ভিলায়’ র্যাবের অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে আরও একজনের পরিচয় নিশ্চিত করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গণমাধ্যমে দুই জঙ্গির ছবি প্রকাশের পর একজনকে শনাক্ত করে তার বাবা।
র্যাব জানায়, ছবিতে কালো পোশাক পরিহিত এই জঙ্গির নাম নাফিসুল ইসলাম (১৬)। পরিচয় নিশ্চিত হওয়া নাফিসুলের বাড়ি চট্টগ্রাম। তার পিতা মোহাম্মদ নজরুল ইসলাম ঢাকায় এসে মৃতদেহ দেখে পরিচয় নিশ্চিত করেন।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।
নিহত তিন জঙ্গির মধ্যে দুইজনের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। অপরজনের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
প্রথমেই গত ১৪ জানুয়ারি নিহত এক জঙ্গির নাম-পরিচয় শনাক্ত করে র্যাব। তার নাম মেজবা উদ্দিন, বাবার নাম- এনামুল হক, মাতা- তাহমিনা আক্তার। তার বাড়ি কুমিল্লা জেলায়।
পরে বৃহস্পতিবার অপর দুইজনের ছবি শনাক্ত করে ছবি প্রকাশ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), যার মধ্যে একজনের পরিচয় আজ নিশ্চিত হওয়া গেল।







