প্রথম সেট হারার পর টানা দুই সেট জয়। চতুর্থ সেট আবার জিতে যায় কিরগিজস্তান। ফাইনাল সেটে পাহাড়সমান চাপ আর টানটান উত্তেজনা জয় করে ১৫-১৩ পয়েন্টের ব্যবধানে ম্যাচ শেষ করে এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রালজোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। ২৭ এপ্রিল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান।
প্রথম সেটে কিরগিজস্তানের গতিময় স্পাইক শটের জবাবই দিতে পারেনি বাংলাদেশ। ব্লকিং একদম ভালো হয়নি। ১৫-২৫ ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা।
দ্বিতীয় সেটের প্রথম টাইমআউটে বাংলাদেশ ৪-০ পয়েন্টে পিছিয়ে পড়ে। দারুণসব ব্লকে দ্রুত পয়েন্ট বাড়িয়ে নেয় কিরগিজস্তান। এই কিরগিজস্তানকে ২০১৬ সালে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।
দ্বিতীয় টাইম-আউটে বাংলাদেশ প্রতিপক্ষকে ধরে ফেললেও কিরগিজস্তান ৮-৬ পয়েন্টে এগিয়ে থেকে শেষ করে।
বাংলাদেশের নারায়ণ দ্বিতীয় সেটের শেষদিকে দারুণ খেলে পয়েন্ট বাড়াতে থাকেন। ব্যাকফুট থেকে উঠে এসে বিদ্যুৎগতির স্পাইকে কয়েকটি পয়েন্ট তুলে নেন। এই টাইমআউট শেষে বাংলাদেশ এগিয়ে থাকে ১৬-১৫ পয়েন্টে।
এই সেটের শেষদিকে রাশেদ খান মেনন, অধিনায়ক হরশিত নারায়ণের সঙ্গে ফর্মে ফিরে আসেন। প্রথম সেটের হতাশা ভুলে তিনজন জ্বলে ওঠেন। বাংলাদেশ শেষ পর্যন্ত জয় পায় ২৫-২০ পয়েন্টের ব্যবধানে।
তৃতীয় সেটে আরও নিখুঁত ব্লকিংয়ে নজর দেয় বাংলাদেশ। শুরুতে সেটি ঠিকঠাক হলেও মাঝে কিছুটা এলোমেলো হয়ে যায়। এক পর্যায়ে পয়েন্ট ১৩-১৩ হয়ে যায়। রাশেদ খান মেনন দারুণ কয়েকটি ব্লকে দলকে এগিয়ে রাখেন। শেষ পর্যন্ত লাল-সবুজের প্রতিনিধিরা এই সেটে জয় পায় ২৫-১৯ পয়েন্টের ব্যবধানে।
টানা দুই সেট জিতে চতুর্থ সেটে বাংলাদেশ আবার খেই হারায়। কিরগিজস্তান দ্রুত পয়েন্ট তুলে নিয়ে ৩-১০ ব্যবধানে এগিয়ে যায়। এখন থেকে আর ফিরতে পারেনি বাংলাদেশ।
চতুর্থ সেট বাংলাদেশ হারার কারণে পঞ্চম সেটটি ‘ফাইনালে’ পরিণত হয়। ম্যাচের পরিস্থিতি এমন হলে শেষ সেটটি ১৫ পয়েন্টের হয়।
বাংলাদেশ এই সেটে ১০-৬ পয়েন্টে এগিয়ে যায়। আগের সেটে দুর্দান্ত খেলা কিরগিজস্তান পরে টানা দুই পয়েন্ট পেয়ে ব্যবধান ৮-১০ করে। বাংলাদেশ আবার পরের দুই পয়েন্ট নিয়ে ব্যবধান ১২-৮ করে। পরের দুই পয়েন্ট আবার কিরগিজস্তান নিয়ে ব্যবধান ১০-১২ করে।
টান টান উত্তেজনায় এগুতে থাকে ম্যাচের সময়। পরের পয়েন্ট পায় বাংলাদেশ। তারপরের পয়েন্টটি পায় কিরগিজস্তান, বাংলাদেশ ১৩-কিরগিজস্তান ১১। পরের পয়েন্টটি আবার বাংলাদেশ পায়, ব্যবধান ১৪-১১। জয়ের জন্য দরকার এক পয়েন্ট!
এমন সময় কিরগিজস্তান টানা দুই পয়েন্ট পায়, ব্যবধান ১৩-১৪। রুদ্ধশ্বাস শেষ পয়েন্টটি আসে বাংলাদেশের অধিনায়ক হরশিতের কল্যাণে। দারুণ একটি স্পাইকে জয়সূচক শেষ পয়েন্টটি নিয়ে আসেন তিনি।







