চারটি ভবনের সংযোগস্থলে ৪০ ফুট গভীরে পড়ে যাওয়া এক যুবককে রুদ্ধশ্বাস অভিযান শেষে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ৬ জনের একটি উদ্ধারকারী দল। সালমান (২৪) নামের ওই তিন ফুট বাই দুই ফুটের অপ্রশস্ত খালি জায়গায় পড়ে গিয়েছিল।
গত শনিবার মধ্যরাতে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
ওই যুবকের চিৎকার শুনে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে শুরু হয় উদ্ধার অভিযান। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে সবকিছু নিশ্চিত হয়ে রাত দেড়টার দিকে ওই যুবককে উদ্ধারে অভিযানে নামেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় একঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযান শেষে রাত ২টা ৩০ মিনিটে ৪০ ফুট গভীর থেকে সালমানকে জীবিত উদ্ধার করে নিয়ে আসেন তারা।
ফায়ার সার্ভিস কর্মীদের অসাধারণ পেশাগত দক্ষতায় যুবক সালমানকে উদ্ধারের চিত্র বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের’র ফেসবুক গ্রুপে শেয়ার করা হয়েছে।
উদ্ধারের পর সালমান ফায়ার সার্ভিসের কর্মীদের জানান, সালমান ওই এলাকার বাসিন্দা। তার কাছে অনেক লোক টাকা পান। ঘটনার দিন পাওনাদারদের ধাওয়া খেয়ে পালানোর সময় সেই ৪০ ফুট গভীরে পড়ে যান তিনি।
উদ্ধারের পর সালমানকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।







