প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নে নকআউটে পিএসজির এবারের বাধা রিয়াল মাদ্রিদ। উনাই এমেরি শিষ্যদের নিয়ে রণকৌশল সাজাচ্ছেন। রোনালদো-বেল-ইস্কোদের মোকাবেলায় তার তূণে আছে নেইমার-কাভানিদের মত তীর। কিন্তু ম্যাচ যিনি পরিচালনা করবেন সেই রেফারি যদি করে বসেন মহাভুল? এমন ভাবনাই এখন হয়ে উঠেছে ফরাসি জায়ান্টদের সবচেয়ে বড় মাথাব্যথার বিষয়।
গত চ্যাম্পিয়ন্স লিগের স্মৃতি মনে করেই রেফারি নিয়ে বেশ আতঙ্কে আছে পিএসজি। শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে ঘরের মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়েও কোয়ার্টার ফাইনালে যেতে পারেনি এমেরির দল। দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে মহাকাব্যিক ম্যাচে ৬-১ গোলে হেরে ভঙ্গ হয় পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন।
সেই ম্যাচে মেসি-নেইমার-সুয়ারেজরা যতটা না আলো ছড়িয়েছিলেন, সমান অবদান ছিল রেফারি ডেনিজ আয়তেকিনেরও। একাধিক বিতর্কিত পেনাল্টি দেয়া ছাড়াও বেশকিছু চোখে পড়ার মত ভুল ছিল জার্মান রেফারির।
পিএসজি এখনও বিশ্বাস করে আয়তেকিনের কল্যাণেই ম্যাচে ফিরেছিল বার্সা। চলতি চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে আরেক স্প্যানিশ জায়ান্টের মুখোমুখি হওয়ার আগে তাই আনুষ্ঠানিকভাবে পিএসজির পক্ষ থেকে অনুরোধ রাখা হয়েছে একটিই, সেটি আয়তেকিন কাণ্ডের পুনরাবৃত্তি যেন না হয় রিয়ালের বিপক্ষে ম্যাচে।
অভিজ্ঞতায় সমৃদ্ধ এবং শক্ত হাতে খেলা চালানোয় অভ্যস্ত রেফারিদেরকেই দুই লেগে আশা করছে পিএসজি।
অবশ্য গতবার ভুল সিদ্ধান্ত দেয়ায় শাস্তি পেতে হয়েছে আয়তেকিনকেও। উয়েফা ছয় মাস কোন ম্যাচ পরিচালনা করানো থেকে বিরত রেখেছিল এ রেফারিকে। গত বছর থেকেই রেফারিদের ভুল-ত্রুটিগুলো বেশ যত্নের সঙ্গে তাদের নামের পাশে টুকে রাখছে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি।









