আধুনিক যুগেও কুসংস্কারে বিশ্বাস করেন অনেক নামি-দামি ফুটবলার। তালিকায় আছেন সাবেকরাও। রিয়াল মাদ্রিদের সাবেক ব্রাজিলিয়ান তারকা রবার্তো কার্লোসই যেমন বলছেন, তার দাড়ির গুণেই টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জিতবে জিনেদিন জিদানের দল।
ইউক্রেনের রাজধানী কিয়েভে ২৬ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল। এই ফাইনাল জিতলেই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা তিন শিরোপা জিতবে লস ব্লাঙ্কোসরা।
আর সেই ফাইনালকে সামনে রেখেই চিবুকের দাড়ি বড় করছেন রিয়ালের সাবেক খেলোয়াড় কার্লোস। স্প্যানিশ টিভি অনুষ্ঠান ‘এল হরমিগুয়েরো’তে উপস্থিত হয়ে জানিয়েছেন, ফাইনালের আগ পর্যন্ত মুখে ক্ষুর চালাবেন না। দুষ্টুমি করেই বলেছেন, রিয়ালকে শিরোপা জেতাতে সাহায্য করবে তার এই দাড়ি।
‘আমি ২৬ মে পর্যন্ত অপেক্ষা করবো। কারণ ২৬ মে লিভারপুলের সঙ্গে রিয়ালের খেলা আছে। আমার মনে হয় এটা শিরোপা জেতাতে রিয়ালকে সাহায্য করবে(হাসি)।’








