ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)’এ পরিবর্তন আসতে পারে। ভারতের বর্তমান কোচ অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটি রিভিউ সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে। কমিটির সদস্যরা বলছেন, আম্পায়ারর্স কলের বিপরীতে রিভিউ ডেকে কোনও দল হেরে গেলে তাদের নির্ধারিত রিভিউটি নষ্ট হবে না। তারা আরেকবার রিভিউ নিতে পারবে।
বর্তমান নিয়মানুযায়ী, টেস্টের প্রথম ৮০ ওভারে প্রতিটি দল দুটি করে রিভিউ নিতে পারে। ওডিআইতে ইনিংসে একটি করে। একটি রিভিউতে সফল হলে তাদের নির্ধারিত রিভিউ ধরা থাকে।
এলবিডব্লিউর নিয়মানুযায়ী মাঠের আম্পায়ার আউট ঘোষণা করার পর রিভিউ নিলে রিপ্লেতে যদি ‘বেনিফিট অব ডাউট’ অর্থাৎ এমন থাকে যে আউট দিলেও দেয়া যায়, না দিলেও হয়; তখন থার্ড আম্পায়ার আউট ঘোষণা করেন। অর্থাৎ মাঠের আম্পায়ারকে তিনি সমর্থন করেন।
আইসিসির ক্রিকেট কমিটিতে কুম্বলে ছাড়াও আছেন রাহুল দ্রাবিড়, মাহেলা জয়াবর্ধনে, অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেহম্যান, ইসিবির কর্মকর্তা অ্যান্ড্রু স্ট্রাউস, আম্পায়ার রিচার্ড কেটেলবোরৌফ। তারা টানা দুইদিন ধরে আলোচনা করে নতুন প্রস্তাবে বলছেন, আম্পায়ার এলবিডব্লিউ দেয়ার পর রিভিউ ডেকে ব্যর্থ হলে দলগুলো ওই রিভিউটি আবার নিতে পারবে।
এখন পর্যন্ত টেস্ট এবং ওয়ানডেতে রিভিউ পদ্ধতি চালু থাকলেও টি-টুয়েন্টিতে নেই। কমিটির ইচ্ছা, টি-টুয়েন্টিতেও রিভিউ চালু করা হোক। শুধু তাই নয়, টেস্টের প্রতি ইনিংসে রিভিউর সংখ্যাও বাড়তে পারে।
কমিটির প্রস্তাবগুলো পর্যালোচনা করার কথা জানিয়েছে আইসিসি। নিয়মগুলো পাশ হলে ১ অক্টোবর থেকে কার্যকর হবে।








