রিও অলিম্পিকে ডি গ্রুপ থেকে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। আলজেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা। এ জয়ে কোয়াটার ফাইনাল খেলার আশা টিকে থাকল জুনিয়র মেসি আগুয়েরাদের।
প্রথমার্ধে আর্জেন্টিনা বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও গোলের দেখা পায় নি। উল্টো ম্যাচের ৪৪ মিনিটে আর্জেন্টিনার ভিক্টর কুয়েস্তা আলজেরিয়ার বুনেজদাহকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। আর্জেন্টিনা ১০ জনের দল নিয়ে প্রথমার্ধ শেষ করে।
দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনার ফরোয়ার্ড জোনাথন ক্যালেরি বিপক্ষ দলের কাছ থেকে বল কেড়ে নিয়ে কোরেয়ার উদ্দেশ্যে বল বাড়ান। কোরেয়া বাঁ পায়ের দুর্দান্ত শটে আলজেরিয়ার জালে বল জড়িয়ে দেন। ম্যাচের ৬৪ মিনিটে সমতা ফেরে আলজেরিয়া। মিডফিল্ডার হারিস বেলকেবলা দলের সমতাসূচক গোলটি করেন।

খেলার ৬৭ মিনিটে আলজেরিয়ার আইয়ুব আবদেল্লা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। উভয় দল তখন ১০ জনের দলে পরিণত হয়। এর কিছুক্ষণ পর, খেলার ৭০ মিনিটের মাথায় কোরেয়া এবং ক্যালরির যুগলবন্দিতে ক্যালরি দুর্দান্ত এক গোল করেন। 
খেলার শেষ পাঁচ মিনিটে আলজেরিয়া গোল পরিশোধের জন্য প্রাণপন চেষ্টা করে। কিন্তু আর কোনো গোল না হলে আর্জেন্টিনা ২-১ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে।
ডি গ্রুপের অন্য ম্যাচ গুলোতে জয় পেয়েছে আর্জেন্টিনা, পর্তুগাল, ডেনমার্ক, নাইজেরিয়া এবং মেক্সিকো। তবে ড্র করে পয়েন্ট হারিয়েছে আসরের ফেভারিট জার্মানি।
আগামী মঙ্গলবার গ্রুপপর্বের শেষ ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে উঠবে।








