দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেছেন, রায়ে সর্বোচ্চ শাস্তি চেয়েছিলাম কিন্তু বেগম খালেদা জিয়ার সামাজিক ও শারীরিক অবস্থা বিবেচনায় আদালত ৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। তারপরেও আমরা এ রায়ে শুকরিয়া প্রকাশ করছি।
এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সবগুলো অভিযোগ প্রমাণ করতে পারায় তিনি সন্তুষ্ট।
তবে এর আগে বেগম খালেদার আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে খালেদা জিয়াকে কারাদণ্ড দেয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
আরেক আইনজীবী সুপ্রিম কোর্ট আইজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, তারা আশা করেন উচ্চ আদালতে বেগম খালেদা জিয়া খালাস পাবেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তারেক রহমানসহ অন্য আসামীদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।








