নেহাত একটা গুড লেন্থের বল। রাহানে তাতে ব্যাট দিলেন। বল কানা নিয়ে স্টাম্পে। রাহানে যেভাবে ব্যাট দেন, তাতে কানায় লাগার কথা নয়। কিন্তু বলটা যে মোস্তাফিজের। কখন কীভাবে কোথায় যায় বোঝা বড় দায়!
রাহানের চোখ-মুখ দেখে স্পষ্ট বোঝা গেল সেই দায় তিনি মেটাতে পারেননি। একবার মাটির দিকে তাকান আরেকবার স্টাম্পের দিকে। মোস্তাফিজের চোখে চোখ রেখেছিলেন কি না, তা বোঝা যায়নি!
রাহানেকে এই সময়ের অন্যতম সেরা একজন নিখাদ ক্লাসিক ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হয়। আউট হয়ে সেই তিনি এমন আচরণ করলে ‘বিস্ময়’ জাগারই কথা। সেই বিস্ময় সৃষ্টির সবটুকু দাবিদার একজন ‘জাদুকর’, মোস্তাফিজ!
প্রথম প্রস্তুতি ম্যাচে ভালো ব্যাটিং করায় বাংলাদেশ এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয়। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিশ্রামে থাকায় সাকিব আল হাসান টস করতে আসেন।
আরেক পেসার রুবেল হোসেনও কম যান না। প্রায় একইভাবে ওপেনার রোহিত শর্মকে (১) বোকা বানান তিনি। রুবেলের করা অফস্টাম্পের বাইরের বলে পাঞ্চ করতে যান রোহিত। শর্ট অব লেন্থের বল ছিল। সেই সঙ্গে কিছুটা স্লোয়ার। ভেতরের কানা নিয়ে বল স্টাম্প খেয়ে নেয়।








