রাজধানীর প্রগতি সরণিতে বাস চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরারের মৃত্যুর প্রতিবাদে চলমান আন্দোলনের ৮ দফা মেনে নিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ৪৮ ঘণ্টার আাল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকেই রাজধানীর বসুন্ধরা আবাসিক গেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। এছাড়াও শাহবাগ, ফার্মগেট, পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সায়েন্স ল্যাবরেটরি, উত্তরা, যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।






