গুলশানে হামলায় নিহতদের স্মরণে ঘোষিত দুই দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ। এদিনও সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনসহ বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
দেশি বিদেশি ২০ জনের জীবনের বিনিময়ে শেষ হয় শুক্রবার রাতের জিম্মি ঘটনার। নিহতদের ১৭ জন বিদেশি এবং ৩ জন বাংলাদেশি নাগরিক।
শনিবার সকালে যৌথ বাহিনীর অভিযান শেষে বিকেলে বের করে আনা হয় মরদেহ। ভয়াবহ এ ঘটনায় নিহতদের স্মরণে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে আজ সকাল দশটায় আর্মি স্টেডিয়ামে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। এরপর সর্বসাধারনের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ ২ ঘন্টা রাখা হবে আর্মি স্টেডিয়ামে।
শনিবার সন্ধ্যায় নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বেশ কয়েকটি সংগঠন। শোক পালিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।







