রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি আলোচনা শুরু করায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে বিএনপির শুভাকাঙ্খীরা ধন্যবাদ জানিয়েছেন। তারা মনে করছেন, এর মাধ্যমে রাজনীতির এখনকার কালো মেঘ কেটে যাবে।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা।
বিএনপিপন্থী হিসেবে পরিচিত বুদ্ধিজীবী যারা এমন সংলাপের দাবি জানিয়েছিলেন তারা আলোচনা শুরু হওয়ায় সন্তুষ্ট। সব দলের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি সবার কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন বলেও তারা আশা করছেন।
আলোচনাকে সাধুবাদ জানিয়ে এর সঙ্গে গণমানুষের সম্পৃক্ততার কথাও বলেছেন তারা।
তারা আশা করছেন, অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও রাষ্ট্রপতির আলোচনা সৌহার্দ্যপূর্ণ হবে এবং শেষ পর্যন্ত সংলাপের ফল হবে ইতিবাচক।
রাষ্ট্রপতির আমন্ত্রণে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রোববার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বৈঠক শেষে বিএনপি জানিয়েছে, সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা হয়েছে। বঙ্গভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি বলেছে ইসি গঠনে বিএনপির প্রস্তাব সহায়ক হবে।







