ধর্মের অপব্যাখ্যা করে সমাজে বিশৃংখলা সৃষ্টির বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। ঈদ উল আযহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, কোরবানি দিয়েই শেষ নয়, এর শিক্ষা সমাজ জীবনে ছড়িয়ে দিতে হবে।
বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। প্রথমে বাংলাদেশে কর্তব্যরত বিভিন্ন দেশের কুটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
এরপর মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, নির্বাচন কমিশনার, বিভিন্ন বাহিনীর প্রধান, স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানের প্রধান, সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। সেসময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এরপর বঙ্গভবনে রীতি অনুয়ায়ী প্রতিবারের মতোই অতিথিদের আপ্যায়িত করা হয়।








