মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়ার সৈন্যরা ইউক্রেনে গণহত্যা চালাচ্ছে। প্রথমবারের মত তিনি রাশিয়ার বিরুদ্ধে সরাসরি ‘গণহত্যা’ চালানোর অভিযোগ করলেন।
বিবিসি জানায়,স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে বক্তব্য দেওয়ার সময় ইউক্রেন প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ দাবি করেন।
রাশিয়ার সৈন্যদের দ্বারা গণহত্যামূলক কাজের প্রমাণ বাড়ছে উল্লেখ করে বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়ার সৈন্যরা যে ভয়ঙ্কর কাজ করেছে, তার আরও প্রমাণ বেরিয়ে আসছে। রাশিয়ার সৈন্যদের দ্বারা করা ধ্বংসযজ্ঞগুলো আরও স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। এটা হচ্ছে কিনা, তা আন্তর্জাতিকভাবে আইনজীবীরা ঠিক করবেন। তবে এটা হচ্ছে বলেই আমি মনে করি।
তিনি আরও বলেন, পুতিন মূলত ইউক্রেনীয় হওয়ার ধারনাটাই বদলে দেওয়ার চেষ্টা করেছেন।
এর আগে বাইডেন একাধিকবার পুতিনকে যুদ্ধাপরাধী বলেছেন। কিন্তু গতকাল মঙ্গলবার প্রথমবার রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুললেন তিনি। তবে রাশিয়া বারবার মার্কিন প্রেসিডেন্টের এ অভিযোগ প্রত্যাহার করে আসছে।








