শুক্রবার পর্দা উঠছে শীতকালীন প্যারালিম্পিক-২০২২ আসরের। চীনের বেইজিংয়ে হবে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রীড়াবিদদের প্রতিযোগিতাটি। আসর শুরুর ঠিক আগমুহূর্তে নিরাপত্তা ইস্যু সামনে এনে প্যারালিম্পিক কমিটি (আইপিসি) নিষিদ্ধ করেছে রাশিয়া ও বেলারুশকে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনে। একের পর এক প্রতিযোগিতা থেকে রাশিয়াকে বাদ দেয়া হচ্ছে। এবার প্যারালিম্পিক থেকেও বাদ দেয়া হল। রাশিয়ার সাথে বেলারুশকেও রাখা হয়েছে নিষিদ্ধের তালিকায়।
আইপিসি বিবৃতিতে জানায়, ‘অ্যাথলেট গ্রামগুলির পরিধি বেড়েছে। ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। আমাদের মনে হয় না খেলাধুলা ও রাজনীতিকে এক করা উচিত হবে। আমাদের দোষে প্যারালিম্পিকে যুদ্ধের প্রভাব পড়েনি। তবে পেছন থেকে অনেক সরকার আমাদের ইভেন্টের উপর প্রভাব ফেলছে।’
আসরে ৭১ জন রুশ অ্যাথলেট ও ১২ জন বেলারুশ প্রতিযোগী অংশ নেয়ার কথা ছিল। ব্যাপক সমালোচনার মুখে আসর শুরুর আগমুহূর্তে বাদ দেওয়া হল রুশ ও বেলারুশ অ্যাথলেটদের।








