সিরিয়া যুদ্ধে রাশিয়ার ভূমিকার কড়া সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। টিলারসন বলেছেন, বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরে সিরিয়া সরকারকে রাসায়নিক হামলা করা থেকে ঠেকাতে ব্যর্থ হয়েছে।
টিলারসন বলেন, সিরিয়া সরকারের রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করার বিষয়টি নিশ্চিত করবে বলে জানিয়েছিল রাশিয়া। কিন্তু তারা সেই কাজটি করতে ব্যর্থ হয়েছে। আর এ কারণেই ৫ এপ্রিলের রাসায়নিক হামলাটি ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
শিল্পোন্নত দেশসমুহের জোট জি-সেভেন-এর পররাষ্ট্র মন্ত্রীরা সোমবার কোনো এক সময়ে ইতালিতে আলোচনায় বসতে যাচ্ছেন। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে দূরত্ব তৈরির জন্য রাশিয়ার ওপর চাপ বাড়ানোর বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে বলে জানিয়েছে বিবিসি।
জি-সেভেনের বৈঠক শেষে মঙ্গলবার টিলারসন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে দেখা করার জন্য রাজধানী মস্কোর উদ্দেশে রওনা দেবেন।

গত বুধবার সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেইখুন শহরে হওয়া রাসায়নিক হামলায় নারী ও শিশুসহ ৮৯ জন বেসামরিক মানুষ নিহত হয়। হামলার জন্য যুক্তরাষ্ট্র সিরিয়া সরকারকে দায়ী করলেও সরকার কোনোরকম রাসায়নিক পদার্থ ব্যবহারের কথা অস্বীকার করেছে।
অন্যদিকে আসাদ সরকারের প্রধান মিত্রদেশ রাশিয়া যুক্তরাষ্ট্রের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, সিরিয়ার কাছে রাসায়নিক অস্ত্র থাকার কোনো প্রমাণ এখনো দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র।
ওই রাসায়নিক হামলার জবাবে শুক্রবার সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই ঘাঁটিতে টানা ৫৯টি মিসাইল ছোঁড়া হয়।








