সুব্রত গাইন, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে।
ভুক্তভোগী শিক্ষকের নাম এনামুুল জহির। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক। তবে মারধরকারী ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে একজনের নাম কামাল ছাড়া বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই শিক্ষক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ড দিয়ে যাওয়ার সময় দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক পিংকির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পিংকি তাকে অপমানজনক কথা বললে এনামুল তাকে ‘ননসেন্স’ বলে মন্তব্য করেন। এক পর্যায়ে পিংকি কামালসহ কয়েকজন ইন্টার্ন চিকিৎসকদের ফোন করলে তারা ঘটনাস্থলে এসে এনামুল হককে মারধর করে।
এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ নিয়ে প্রধান ফটকে জড়ো হয় শিক্ষার্থীরা। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে প্রধান ফটক থেকে কাটাখালি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
প্রায় তিন ঘন্টা অবরোধ করার পর তারা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এসে বিক্ষোভ মিছিল শুরু করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখে।
আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বলেন, ‘আমাদের শিক্ষক এমন অপমানজনকভাবে হামলার শিকার হবেন তা আমরা কল্পনাই করতে পারিনি। রাস্তায় কুপিয়ে শিক্ষককে মারা হবে, হাসপাতালে গেলে মারধর করা হবে, এগুলো আমরা মেনে নেব না।’ এ সময় শিক্ষার্থীরা জড়িতদের দ্রুত গ্রেফতার ও বহিষ্কারের দাবি জানান।
প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘যে শিক্ষক আহত হয়েছেন তিনি তোমাদের শিক্ষক কিন্তু আমাদের সহকর্মী। আমাদেরও খারাপ লাগছে। আমরা এ জড়িতদের ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
এ ব্যাপারে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘আমরা ঘটনা স্থলে আছি আর শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তারা শান্তিপূর্ণভবে আন্দোলন করছে। আমরা অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’









