সুব্রত গাইন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অনশনের মুখে পদত্যাগ করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা জামান। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের নিকট তিনি পদত্যাগপত্র জমা দেন। রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উক্ত বিভাগের অধ্যাপক রুহুল আমিন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা জাহানের পদত্যাগের দাবিতে বেলা ১১টার দিকে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন ওই বিভাগের শিক্ষকরা। এর কিছুক্ষণ পরই বিভাগের শিক্ষার্থীরা নাসিমা জাহানের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। এরপর বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা নিজ বিভাগের সেমিনার কক্ষের সামনে তাদের দাবি আদায়ের জন্য অনশনে বসে। অধ্যাপক নাসিমা জামান পদত্যাগ না করা পর্যন্ত শিক্ষার্থীরা বিভাগের সামনে অবস্থান করে।
বিভাগের শিক্ষার্থীরা জানান, শিক্ষকদের মধ্যে অর্ন্তকোন্দল থাকার ফলে বিভাগের সকল বর্ষের ২০১৭ সালের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা স্থগিত রয়েছে। সভাপতি পরীক্ষা দিতে চাইলেও অন্য ১১জন শিক্ষক তার অধীনে পরীক্ষা নিতে অস্বীকার করেন। এভাবে চললে সেশনজটে পড়বে তাই সেশনজট এড়াতেই শিক্ষার্থীরা অনশনে বসেন। শিক্ষকদের অনাস্থা আর বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পদত্যাগ করেন নাসিমা। পদত্যাগের ব্যাপারে অধ্যাপক নাসিমা জাহান বলেন, ‘ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি’।
উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই একই বিভাগের সহকারি অধ্যাপক রুখসানা পারভীনের বিরুদ্ধে শ্রেণীকক্ষে ও শ্রেণীকক্ষের বাইরে বিভাগের শিক্ষকদের নামে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে বিভাগের ১১ জন শিক্ষক। এই ১১ জন শিক্ষক সভাপতি নাসিমার কাছে এ বিষয়ে অভিাযোগ করেন। পরে শিক্ষক রুখসানা পারভীন সভাপতির উপস্থিতিতে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের নিকট ওই ১১ শিক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন। এতে যৌন হয়রানি, অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ আনা হয়। আবার রুখসানা পারভীনকে মদদ দেওয়ার অভিযোগে উপাচার্য বরাবর অনাস্থা জানিয়ে লিখিত অভিযোগ পত্র জমা দেন ওই ১১ শিক্ষক। এরপর বিশ্ববিদ্যালয়ের ৪৭৫তম সিন্ডিকেট সভায় উপাচার্য তাকে পদত্যাগের জন্য অনুরোধ করবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়।







