রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই জন বিদেশি শিক্ষার্থীর মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে মারামারির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমেটরির ক্যান্টিনে খাবার খেতে গেলে এ ঘটনা বলে জানা যায়।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম ডোমেন জোসেফ। তিনি ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো শিক্ষক। তার দেশের বাড়ি আমেরিকা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফোকলর বিভাগে পিএইচডি করতে এসেছেন।
আর মারধরকারী শিক্ষার্থী রুপোষ কুমার মিত্র নেপাল থেকে এসেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের দিত্বীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ওই দুই বিদেশি শিক্ষার্থী খাবার খেতে আসে। এসময় নেপালী শিক্ষার্থী উচ্চস্বরে কথা বললে আমেরিকান শিক্ষার্থী জোসেফ তাকে বারণ করে। কিন্তু তারপরও রুপোষ উচ্চ স্বরে কথা বললে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে জোসেফ গালিগালাজ করলে রুপোষ জগ দিয়ে তার মাথায় আঘাত করে। এতে জোসেফের মাথায় জখম হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়েল চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে জোসেফ প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগপত্রে তিনি বলেন, গতকাল রাতে ক্যান্টিনে উচ্চ স্বরে কথা বলছিল। তখন আমি বারণ করি। কিন্তু সে শুনেনি। পরে বুধবার সকালে আবার ক্যান্টিনে উচ্চস্বরে কথা বললে আমি বারণ করি। কথা বলার একপর্যায়ে সে আমাকে জগ দিয়ে মাথায় আঘাত করলে মারাত্মক জখম হই। অভিযোগপত্রে তিনি নিরাপদ জায়গায় স্থানান্তরের আবেদন জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ‘আমি ঘটনা স্থলে যেতে পারিনি। তবে ঘটনা শোনার পর আমি দুইজন সহকারী প্রক্টর পাঠিয়েছিলাম। যতদূর শুনেছি বিদেশি দুই শিক্ষার্থীর মধ্যে কথাকাটি হয়েছে। পরে একজন অপরজনরে জগ দিয়ে অাঘাত করলে তার মাথা অল্প অঘাত পায়। এখন তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ায় ভাল আছে।’







