সিনেমা, ওয়েব মিলিয়ে অনেকগুলো কনটেন্ট বানিয়েছেন রায়হান রাফী। প্রতিটি কাজের মাধ্যমে দর্শকের আস্থা অর্জন করেন তিনি। সর্বশেষ ‘পরাণ’ দিয়ে বাজিমাৎ করেছেন রুপালি পর্দা। অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’র মতো বড় বাজেটের সিনেমা টপকিয়ে সাফল্য পেয়েছেন হালের জনপ্রিয় এ নির্মাতা।
১৫ সেপ্টেম্বর চকরিতে মুক্তি পেতে যাচ্ছে রাফীর বানানো নতুন ওয়েব ফিল্ম ‘নিঃশ্বাস’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, সাফা কবির, শাওন, নীল হুরেরা জাহান, রাশেদ মামুন অপু প্রমুখ। প্রকাশিত ট্রেলার বলে দিচ্ছে, শ্বাসরুদ্ধ একটি গল্প হতে যাচ্ছে ‘নিঃশ্বাস’।
পোড়ামন ২ খ্যাত পরিচালক রাফী বলেন, নিঃশ্বাস হাসপাতালের গল্প। এখানে কেউ জন্ম নিলে নিঃশ্বাস নিয়েই জন্মায়, আবার কেউ মারা গেলে নিঃশ্বাস হারিয়েই মারা যায়। হাসপাতালে যে যুদ্ধ হয় নিঃশ্বাস থাকা ও না থাকা নিয়েই হয়। এমন যুদ্ধের মধ্যেই আরেকটি যুদ্ধের কনসেপ্ট নিয়েই ‘নিঃশ্বাস’।
এই ওয়েব ভিত্তিক ফিল্মটিকে রাফী তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ কাজ মনে করছেন জানিয়ে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, গুরুত্বপূর্ণ বার্তা দেয়ার চেষ্টা করেছি। থ্রিলার ঘরানার কাজ। আমার ব্যক্তিগত সাইকোলজিক্যাল চিন্তা দেখিয়েছি। যেটা আগে দেখাতে পারিনি। ক্যারিয়ারে শুরুতে এই ধরণের কাজ করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কারণ, তখন বানালে হয়তো দর্শক দেখতো না। সবার ভালোবাসায় নিজের পজিশন হয়েছে। আমার বিশ্বাস, দর্শক আমার নামের উপর আস্থা রেখে কাজটি দেখবে। তাই ‘নিঃশ্বাস’ আমার বানানো সবগুলো কাজ থেকে আলাদা কাজ বলে মনে করি।
ওটিটির জন্য জানোয়ার, খাঁচার ভিতর অচিন পাখি, টান, সাত নাম্বার ফ্লোর, ডার্ক সাইট অব ঢাকা বানিয়ে প্রশংসা ও সম্মাননা দুটোই অর্জন করেছেন রাফী।
রাফী বলেন, দর্শকের কথা মাথায় রেখে কিংবা বিভিন্ন প্রেসার বিবেচনা করে অনেক গল্প বলা হয়নি। নিঃশ্বাসের ক্ষেত্রে সব চিন্তা বাদ দিয়ে ফেলে গল্পটা দেখাতে চেয়েছি। আমার উপর কোনো প্রেসার ছিল না। একেবারে পূর্ণ স্বাধীনতা দিয়ে এক্সপেরিমান্টাল হিসেবে এই গল্প পর্দায় দেখাচ্ছি।
নিঃশ্বাসের শুটিংকালীন সময়টিকে ক্রিটিক্যাল উল্লেখ করে রাফী বলেন, গত ঈদে যখন পরাণ হিট করলো তখন টাইট শিডিউলের মধ্যে এটির শুটিং করেছি। প্রেসার থাকলেও কাজটি ঠিকভাবে করেছি। আমার ফুল টিম কাজটিতে মনোযোগী ছিল। এই কাজটি এতটাই গুরুত্বপূর্ণ যে, বাংলাদেশে মুক্তির পর বিভিন্ন ফিল্ম ফ্যাস্টিভ্যালে নিঃশ্বাস প্রদর্শন করবো। বিশ্বের বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালের দর্শক ও সিনেমাবোদ্ধারা কাজটি দেখবেন।








