কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে বুধবার রাতেই কি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হতে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের? বিষয়টি ম্যাচের তিন ঘণ্টা আগ পর্যন্ত খোলাসা করেনি টাইগার তারকার দল। প্রশ্নের উত্তর পেতে তাই ম্যাচের একাদশ ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
বাংলাদেশ সময় বুধবার রাত ১০টায় ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠ নামবে মাহমুদউল্লাহর দল কোয়েটা। লিগের সাত নম্বর ম্যাচ হবে এটি। লিগে দুই ম্যাচ খেলে শতভাগ জয় কোয়েটার। শীর্ষ দল পেশোয়ারের সমান ৪ পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে টেবিলের দুইয়ে আছে তারা। পেশোয়ার অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে। রাতে জিতলেই তাই শীর্ষে উঠে যাবে কোয়েটা।
ভারতের মাটিতে একমাত্র টেস্টের সিরিজ খেলে বাংলাদেশ দলের প্রায় সকলেই দেশে ফিরেছেন। দশদিনের ছুটিতে যে যার মত সময় কাটাচ্ছেন। মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল গেছেন পিএসএল খেলতে। মাহমুদউল্লাহ এবারই প্রথম খেলতে গেছেন টুর্নামেন্টটিতে। ফ্র্যাঞ্চাইজি লিগটির দ্বিতীয় আসর বসেছে আরব আমিরাতের দুবাইয়ে।
কোয়েটার হয়ে অবশ্য বেশি ম্যাচ খেলার সুযোগ থাকছে না মাহমুদউল্লাহর। আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের ক্যাম্প শুরু হওয়ার কথা। বুধবারের ম্যাচটি নিয়ে তার আগ পর্যন্ত মাত্র চারটি ম্যাচ খেলবে কোয়েটা। মাহমুদউল্লাহ এর কয়টিতে সুযোগ পান সেটিই এখন দেখার বিষয়।
৩১ বর্ষী মাহমুদউল্লাহ অবশ্য দুবাই উড়াল দেওয়ার দিনেই দারুণ আরেকটি সংবাদ পেয়েছেন। আইপিএল-২০১৭ এর নিলামের জন্য নতুন যে ছয় বাংলাদেশির নাম চূড়ান্ত করেছে ভারতীয় বোর্ড, টাইগার অলরাউন্ডার তাদের একজন। জাতীয় দলের হয়ে দারুণ করছেন। ঘরের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলে নিয়মিত পারফর্ম করেন। এবার পিএসএলেও সুযোগটা কাজে লাগাতে চাইবেন নিশ্চয়। সামনে হয়তো খুলে যেতে পারে আইপিএলের দরজাও।








