বাংলাদেশের কিংবদন্তি নায়ক নায়করাজ রাজ্জাক, তিনি একাধারে প্রযোজক ও পরিচালক। শারীরিক অসুস্থতার জন্য তিনি বর্তমানে অভিনয়ে নিয়মিত নন। ঘরে বসে পরিবারের সঙ্গে আড্ডা আর পুরোনো দিনের স্মৃতি রোমন্থনে দিন কাটে নায়করাজের।
আসছে ২৩ জানুয়ারি ৭৫ বছর বয়েসে পা রাখতে যাচ্ছেন ঢাকাই ছবির এই কিংবদন্তি। তার জন্মদিনকে ঘিরে বরাবরের মতো এবারো থাকবে নানা আয়োজন।
তবে নায়কের জন্ম জয়ন্তিকে স্মরণীয় করে রাখতে তাকে একটি গান উপহার দিতে যাচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদার।
‘তোমার আলোয় পৃথিবীটা আরো রঙিল হলো, স্বপ্নের ফেরিওয়ালা তুমি স্বপ্ন প্রদীপ জ্বালো’ শিরোনামের এ গানটি বাপ্পা নায়ক রাজ রাজ্জাকে উপহার দেবেন বলে জানা গেছে। গানটির কথা লিখেছেন ওমর ফারুক এবং সুর-সংগীতায়োজন করেছেন বাপ্পা নিজেই।
এরই মধ্যে গানের রেকর্ডিং শেষ হয়েছে। বাপ্পার সাথে এই গানে কণ্ঠ মেলাবেন সংগীতের আরো কয়েকজন জনপ্রিয় শিল্পী।






