আবু সালে মো ফাত্তাহ, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের মাছমারা বেনীপুর গ্রামের জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে আহত ফায়ার সার্ভিস কর্মী আব্দুল মাতিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এরপর থেকে ওই জঙ্গি আস্তানাটির আশেপাশের ১ কিলোমিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।
এর আগে জঙ্গি আস্তানায় আত্মঘাতী বোমার বিস্ফোরণে দম্পতিসহ ৪ জঙ্গি নিহত হয়েছে। নিহত জঙ্গিরা হলো- সাজ্জাদ ও তার স্ত্রী বেলী এবং আলামিন। এছাড়া জঙ্গি আস্তানা থেকে আলামিনের স্ত্রী আছিয়া ও তার ২ শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত থেকেই ওই বাড়িটি ঘিরে রাখা হয়। বৃহস্পতিবার সকালে সাড়ে ৭টার সময় জঙ্গিরা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।
তিনি আরও বলেন, সকালে ওই বাড়ি থেকে বের হয়ে আসার জন্য হ্যান্ড মাইকে জঙ্গিদের আহবান জানানো হলেও কেউ বের হয়ে আসেনি। এসময় ওই বাড়ি থেকে দু’টি শব্দ শোনা যায়।







